সিরাজগঞ্জে ৯৪টি মোবাইলসহ আন্তজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯৪টি মোবাইলসহ আন্তজেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় অভিযান চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোরচক্রের ৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় তাদের ব্যবহৃত শ্যামলী পরিবহনের একটি বাস থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে শ্যামলী পরিবহনের একটি গাড়িতে অভিযান চালিয়ে ৮জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা এবং সংঘবদ্ধ চোরাই চক্রের সদস্য। বুধবার সকাল ৮টার দিকে তারা বগুড়ার ধুনটের একটি মাসুদ টেলিকম মোবাইলের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন চুরি করে।

আরও পড়ুন

চুরির পর তারা শ্যামলী পরিবহনে করে অন্যত্র যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

মাসুদ টেলিকমের স্বত্বাধিকারী মাসুদ রানা বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। বুধবার ভোর ৭টার দিকে মার্কেটের নৈশপ্রহরী দোকানগুলো দেখভালের জন্য মার্কেটে গিয়ে মাসুদ টেলিকমের তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। পরে তিনি বিষয়টি মাসুদ রানাকে জানান।

খবর পেয়ে দোকানে গিয়ে ধুনট থানার পুলিশকে বিষয়টি জানান মাসুদ রানা। পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোরদের গতিবিধি শনাক্তের চেষ্টা করা হয়। একপর্যায়ে সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে তাদের পালানোর বিষয়ে তথ্য পাওয়া যায়।

মাসুদ রানা জানান, সিএনজি চালকদের কাছ থেকে জানা যায়, আটজন ব্যক্তি দুটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে শেরপুর বাসস্ট্যান্ডে যান। সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। পরে তিনি শেরপুর বাসস্ট্যান্ডে গিয়ে শ্যামলী পরিবহনের কাউন্টার স্টাফদের সঙ্গে কথা বলে বাসের নম্বর ও সুপারভাইজারের মোবাইল নম্বর সংগ্রহ করে ধুনট থানার পুলিশের কাছে দেন।

এরপর ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বিত অভিযানে শ্যামলী পরিবহনের বাস থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা করা হয়েছে, তাদেরকে ধনুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad