সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় কুমার সূত্রধর ওরফে জীবন (৩০) নামে এক পশুচিকিৎসকের মৃত্যু হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা-নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সঞ্জয় কুমার সূত্রধর পাবনা জেলার বেড়া উপজেলার করমজা গ্রামের দীনেশ সূত্রধরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে পাবনা থেকে একটি যাত্রীবাহী সিএনজি শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ির দিকে আসছিল। সিএনজিটি বাঘাবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্যাংকলরি ধাক্কা দেয়।
এতে সিএনজির যাত্রী সঞ্জয় কুমার সূত্রধর ও রিপন বেপারি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সঞ্জয় কুমার সূত্রধরের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বাঘাবাড়ি এলাকায় ট্যাংকলরির ধাক্কায় সঞ্জয় কুমার সূত্রধর নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


