সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ঢাকার ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়ে ছুরিকাঘাতে শাহরিয়ার সাঞ্জু (১৬) নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। স্কুলটিতে নবম শ্রেণিতে পড়ে সে।
শনিবার বেলা ১২টার দিকে স্কুলের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত সাঞ্জুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী ও বন্ধুরা জানায়, সকালের ক্লাশের পর টিফিন করে তারা আবার স্কুলে যায়। স্কুলে দুপুরে তাদের বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। বেলা ১২টার দিকে সাঞ্জু যখন স্কুলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একই স্কুলের ১০ম শ্রেণির ছাত্র নাজিম ইসলাম জয় তার পথরোধ করে। জয়ের সঙ্গে ছিল, ৯ম শ্রেণির মুহিন ও মুহিনের খালাতো ভাই মাহিম (সে অন্য স্কুলের ছাত্র)।

এসময় জয় নিজেকে সিনিয়র দাবি করে সাঞ্জুকে বলে, ‘তুই আমাকে সিনিয়র হিসেবে সম্মান দিস না কেন?’ এর দু এক কথার পর তাদের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে জয় তার পকেটে থাকা সুইচ গিয়ার দিয়ে সাঞ্জুর পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে তার পেট থেকে রক্ত ঝড়তে দেখে জয়সহ ৩ জনই পালিয়ে যায়। তখন সহপাঠীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, সাঞ্জুর পেটের ডান পাশে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। জরুরিভাবে তার অপারেশন চলছে।
এদিকে, ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঘটনাটি শ্যামপুর থানায় জানানো হয়েছে। তারা তদন্ত করে দেখছে।


