৫৫ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রুখমিলা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান।
দুদকের এক কর্মকর্তা মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ কামরুজ্জামান, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের মালিক আব্দুল আজিজ, মডেল ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ মিসবাহুল আলম, ইয়াসিনুর রহমান এবং আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের সাবেক নির্বাহী ইউসুফ চৌধুরী।
মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা যোগসাজশে চট্টগ্রামের এইচএম শিপব্রেকিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরওয়ার আলমকে ভয়ভীতি দেখিয়ে ৫৫ কোটি টাকা ঘুষ দিতে বাধ্য করেন।
এজাহারে আরও বলা হয়েছে, অভিযুক্তরা এই অর্থ গ্রহণ, স্থানান্তর, প্রেরণ ও রূপান্তর করেছেন এবং বিদেশে পাচার ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে দণ্ডনীয় অপরাধ করেছেন। সব মিলিয়ে তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।


