কক্সবাজারের রামুতে পাহাড়ি ঢলে নিখোঁজের চার দিন পর সাজিদুল ইসলাম সাজিদের (১৩) মরদেহ উদ্ধার হয়েছে।
শনিবার সকালে ঈদগাঁওর গজালিয়া নদীতে মরদেহটি ভেসে ওঠে। সাজিদ রামু উপজেলার কোনারপাড়ার নুরুল ইসলামের ছেলে।
গত বুধবার বিকাল পাঁচটায় ঈদগড়ের ফুলেশ্বরী খালে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহের সময় স্রোতে ভেসে যায় সাজিদ। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মুবিন জানান, উজান থেকে নেমে আসা প্রবল স্রোতে সাজিদ নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও পুলিশ কয়েক দিন ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান,আজ সকালে গজালিয়া নদীতে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ উদ্ধার করে রামুতে নিয়ে যান।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঈদগাঁও পুলিশের মাধ্যমে খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


