ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) ক্রিকেটে এবার মিনি নিলামের জন্য চূড়ান্ত করা ৩৫০ জন ক্রিকেটারের মধ্যে স্থান পেয়েছেন বাংলাদেশের সাত ক্রিকেটার। প্রাথমিক তালিকায় থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের।
নিলামের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি ক্রিকেটাররা হলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।
আগামী ১৬ আবুধাবিতে এ নিলাম হবে।
এবার ৪০ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। একমাত্র বাংলাদেশি হিসেবে মুস্তাফিজ এই সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন। বাংলাদেশি সাত ক্রিকেটারের মধ্যে কেবল মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে, ৬০ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন বাঁহাতি পেসার।
এছাড়া লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি। স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
বাংলাদেশের সাত ক্রিকেটারের মধ্যে রাকিবুলের নামটি চমকে দেওয়ার মতো। ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী এই বাঁহাতি স্পিনার ইমার্জিং দল, হাই পারফরম্যান্স স্কোয়াড ও বাংলাদেশ ‘এ’ দলে নিয়মিত খেলেন। জাতীয় দলে এখনো ডাক পাননি। ২০২৩ সালে এশিয়ান গেমসে খেললেও সেটি জাতীয় দল ছিল না। ৬৯ টি–টোয়েন্টিতে ৬৯ উইকেট নিয়েছেন রাকিবুল। সেরা বোলিং ৭ রানে ৩ উইকেট, ইকোনমি রেট ৬.৯০।
আইপিএলে এবার মিনি নিলামের জন্য নিবন্ধিত হয়েছিলেন ১৩৯০ জন ক্রিকেটার। এর মধ্য থেকে ৩৫০ খেলোয়াড়কে বাছাই করে নিলামের জন্য চূড়ান্ত করেছে আইপিএল কর্তৃপক্ষ। মঙ্গলবার আইপিএলের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।


