বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা এবং রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান কীভাবে পুনরায় চালু করে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো যায়–সেসব বিষয় নিয়ে আলোচনা হয়। এক পর্যায়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।
নির্দেশনায় বলা হয়েছে, বন্ধ পাটকল ও চিনি কারখানাগুলো পুনরায় চালু করতে হবে। পুরোনো শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপর জোর দেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করেছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি বলেন, ‘নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বন্ধ ও রুগ্ন শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।’


