রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
মঙ্গলবার বিকালে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরে জাতিকে যা জানিয়েছিলেন, বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি।’
তিনি আরও প্রশ্ন তোলেন, ‘কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন–তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি?’
জামায়াত আমির বলেন, ‘জাতি অবুঝ নয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।’
সম্প্রতি একটি জাতীয় পত্রিকায় রাষ্ট্রপতির সাক্ষাৎকার প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।


