কক্সবাজারের ঝিলংজা এলাকায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ জেলা যুবদল নেতা ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
নিহত ফারুক কক্সবাজার জেলা যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন। গত ৯ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কক্সবাজার শহরের ঝিলংজা এলাকার উত্তরণ আবাসিক এলাকার প্রধান সড়কে ফারুক ও অপর যুবদল নেতা সাইফুল ইসলাম সন্ত্রাসী হামলার শিকার হন।
এলাকার চিহ্নিত সন্ত্রাসী ‘বাবু বাহিনী’র সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফারুককে ঢাকায় স্থানান্তর করা হয়।
এ ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ অভিযান চালিয়ে বান্দরবানের লামা উপজেলার একটি রিসোর্ট থেকে পাঁচজনকে আটক করে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


