চীনের একটি বায়োটেক প্রতিষ্ঠানে বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। উত্তর চীনের শানসি প্রদেশের শুওইয়াং শহরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার বরাতে রোববার রয়টার্স জানিয়েছে, শনিবার ভোরে জিয়াপেং বায়োটেকনোলজি নামের একটি ছোট প্রতিষ্ঠানে বিস্ফোরণ হয়।
করপোরেট নিবন্ধন অনুযায়ী, ২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত জিয়াপেং বায়োটেকনোলজি পশুখাদ্য, কয়লাজাত পণ্য এবং নির্মাণসামগ্রী নিয়ে গবেষণা করে। তাদের স্থাপনাটি একটি পাহাড়ি গিরিখাতের মধ্যে অবস্থিত।
তবে জিয়াপেং বায়োটেকনোলজির নিজস্ব কোনো ওয়েবসাইট না থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণও উদ্ধারকর্মকর্তাদের কাছে স্পষ্ট নয়।
এরইমধ্যে তথ্য কারচুপির অভিযোগে প্রতিষ্ঠানের আইনি প্রক্রিয়ার দায়িত্বে থাকা প্রতিনিধিকে আটক করা হয়েছে এবং তদন্তের জন্য দল গঠন করেছে পুলিশ।


