নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে ১১ মিয়ানমার নাগরিক আটক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে ১১ মিয়ানমার নাগরিক আটক
নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে আটক কিছু মিয়ানমার নাগরিক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১১ জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। তাদের মধ্যে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর তিনজনকে সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন রেজুপাড়া ও গর্জনবুনিয়া সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মংবা তংচংগা (৩৪), মংম (২০), কিংলা থুয়াইং (২১), রুপার (১৯), থাইংসা মং (৪০), তুলি (২০), তানতানাইং (২০) ও মংতা নাইং (২০)। তাদের সবার বাড়ি মিয়ানমারের মংডু জেলার ডেকিবুনিয়া থানার বিভিন্ন এলাকায়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের গাছবুনিয়া এলাকায়  বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটজন মিয়ানমার নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে মংবা তংচংগা নিজেকে বাংলাদেশি দাবি করে একটি জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধনের অনুলিপি দেখান। তবে যাচাই-বাছাইয়ে ওই নথিগুলোর সঙ্গে তার পরিচয়ের কোনো মিল বা সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে গর্জনবুনিয়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা গর্জনবুনিয়া থেকে আরও তিনজন মিয়ানমার নাগরিককে আটক করেন। তারা তিনজনই নারী। পরে বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের ৩৭/২ নম্বর পিলারসংলগ্ন বাইশফাঁড়ি সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ আমবাগান এলাকা দিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

বিজিবি জানায়, গর্জনবুনিয়া সীমান্ত ফাঁড়ির অভিযানে আটক হওয়ার পর মিয়ানমারে ফেরত পাঠানো তিনজন হলেন— মানুসিং তংচঙ্গা (৬২), লাকি মং তংচঙ্গা (৩৮) এবং মেতু মং তংচঙ্গা (১২)। তারা একই পরিবারের সদস্য এবং মিয়ানমারের মংডু জেলার বলিবাজার এলাকার হুয়াংকিং গ্রামের বাসিন্দা।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এগারো জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। তাদের কারও কাছে বৈধ ভ্রমণসংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি। আটক আট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।’

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজ্জামেল হক জানান, ‘বিজিবির দায়ের করা অভিযোগের ভিত্তিতে আটজন মিয়ানমার নাগরিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের

নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর