চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচনে রফিকুল আলম সভাপতি এবং মনোয়ার হোসেন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রফিকুল আলম নিউজ ২৪ টেলিভিশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি আর মনোয়ার হোসেন যমুনা টেলিভিশন ও টাইমস অব বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।
কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি একেএস রোকন (৭১ টেলিভিশন), সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন (গ্লোবাল টেলিভিশন), অর্থ সম্পাদক জহুরুল ইসলাম (ডিবিসি টেলিভিশন), দপ্তর সম্পাদক আজিম উদ্দিন (বাংলা টেলিভিশন) এবং নির্বাহী সদস্য আব্দুল ওহাব (বৈশাখী টেলিভিশন) ও শাখাওয়াত জামিল দোলন (বাংলাভিশন টেলিভিশন)।
নির্বাচনে অর্থ সম্পাদক জহুরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পূর্ব নির্ধারিত সাধারণ সভার এজেন্ডা অনুযায়ী শুক্রবার বিকালে প্রথমে সিটিজেএর সদস্যদের অনাস্থার কারণে মেয়াদ পূর্তির এক বছর আগেই পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আন্তরিক পরিবেশে নির্বাচন শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এটিএন বাংলার নাসিম মাহমুদ এবং মাছরাঙ্গা টেলিভিশনের ডাবলু কুমার ঘোষ।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের উন্নয়ন, সাংবাদিকদের মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


