সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার সকালে তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
গত ১৯ দিন ধরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। বর্তমানে অবস্থার উন্নতি হওয়ায় তাকে কেবিনে নেওয়া হয়েছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘উনার (মির্জা আব্বাস) অবস্থা কিছুটা উন্নতির দিকে। সকালে ভাবীর (মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস) সঙ্গে কথা হয়েছে। ধীরে ধীরে উনার অবস্থার উন্নতি হচ্ছে। সকালে উনাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।’
তিনি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, কেবিনে রেখেই তাকে উন্নত ফিজিওথেরাপি দেওয়া হবে। যেহেতু তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়েছে, তাই এখনো চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চালিয়ে যেতে হবে।’
মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে তার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান ডা. রফিক।
উল্লেখ্য, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।


