প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ সারা বিশ্বের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
মঙ্গলবার পোস্টাল ব্যালট বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা এমন একটা ইনিশিয়েটিভ নিয়েছি যা এই দেশে আগে কখনো চেষ্টা করা হয় নাই; এই ঝুঁকি কেউ নেয় নাই।”
সিইসি জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই উদ্যোগ বাস্তবায়নের ঝুঁকি নেওয়া হয়েছে, যদিও শুরু থেকেই জানা ছিল এতে নানা চ্যালেঞ্জ থাকবে।
পোস্টাল ব্যালট কার্যক্রমে কিছু ভুল-ত্রুটি বা বিভ্রান্তি তৈরি হওয়া স্বাভাবিক উল্লেখ করে সিইসি বলেন, যেকোনো নতুন উদ্যোগে কিছু ভুল-ত্রুটি হতে পারে। তবে সঠিক তথ্য সামনে এলে বিভ্রান্তি কেটে যাবে বলে তিনি আশাবাদ জানান।
এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নিজের উদ্বেগের কথাও তুলে ধরেন। সিইসি বলেন, এআই একটি বড় চ্যালেঞ্জ এবং সমস্যা হতে পারে।
প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রসঙ্গে সিইসি জানান, ১২২টি দেশ থেকে প্রবাসীরা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি, আইন এবং পোস্টাল ব্যবস্থাকে সমন্বয় করা একটি বড় চ্যালেঞ্জ হলেও নির্বাচন কমিশন তা সফলভাবে মোকাবেলা করছে।
তিনি বলেন, এই পোস্টাল ভোট সফল করতে পারার কারণে একদিন সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে।


