সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক এই সচিবের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। দুদকের কাছে এমন তথ্য রয়েছে যে, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছাড়ার চেষ্টা করতে পারেন। অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করতে তার বিদেশযাত্রা সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন।
এর আগে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই সময় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আক্রান্ত হন।
এ ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।
এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর পুলিশ শহীদ খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে জানায়, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পরবর্তীতে অধস্তন আদালতে জামিন না পেলেও উচ্চ আদালত থেকে জামিন মঞ্জুর হলে তিনি কারামুক্ত হন।


