সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এপিএস মো. মনির হোসেনের মালিকানাধীন দুইটি নৌযান জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তথ্য অনুযায়ী, নৌযান দুটির দাম ১০ কোটি টাকা।
বৃহস্পতিবার দুদকের আবেদন মঞ্জুর করে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন এসব নৌযান জব্দের আবেদন করেন। আবেদন অনুযায়ী, আদালতের এই জব্দের আদেশ কার্যকরের দায়িত্ব থাকবে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের উপর।
আবেদনে উল্লেখ করা হয়েছে, মনির হোসেন অবৈধভাবে অর্জিত সম্পদ ভোগদখলে রেখেছেন এবং অর্থপাচারের উদ্দেশ্যে ৩১ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন। তদন্তে জানা গেছে, মনির হোসেনের মালিকানায় এমভি সেইলর-১ ও ২ নামে ১০ কোটি টাকা মূল্যের দুটি নৌযান রয়েছে।
আসামি এই সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে জানতে পেরেছে দুদক। সেজন্য মামলার নিষ্পত্তির আগেই এসব সম্পদ বেহাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই এসব নৌযান জব্দের আদেশ চেয়ে আবেদন করে দুদক।
২০২৪ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মনির হোসেনের বিরুদ্ধে মামলাটি করা হয়।


