জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক কুমার দাস নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় করা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লে. কর্নেল (অব.) আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান হত্যা মামলার তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুল আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কোতোয়ালি থানার অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক কেএম আবদুল শরিফুল ইসলাম।
প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে গ্রেপ্তার দেখান। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে রিমান্ড শুনানি শুরু হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় ২০২৪ সালের ২১ নভেম্বর অনিক কুমার দাস বাদী হয়ে কোতোয়ালি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে সেনাবাহিনীর সাবেক কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন ৩০ মার্চ মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর হয়। এই মামলায় রিমান্ড শেষে গত ৫ এপ্রিল কারাগারে পাঠানো হয়। ওইদিন পল্টন মডেল থানার বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই মামলায় চার দফায় ১২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে মিরপুর মডেল থানার দেলোয়ার হত্যা মামলায় গত ১৭ ও ২০ এপ্রিল দুই দফায় তার তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গত ২৩ এপ্রিল উত্তরা পূর্ব থানায় মাহমুদুল হাসান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তার চার দিন, গত ২৭ এপ্রিল দুই দিন ও ২৯ এপ্রিল তিন দিন ও ২ মে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।


