শিশুদের হামের টিকা সময়মত কেন দেওয়া হয়নি তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক নানা পদক্ষেপ নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
‘হামের টিকা কেনা ক্ষেত্রে বাধা দেওয়া কিংবা কারসাজির বিষয়ে কারও দায় পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে’ বলেও জানান জাহেদ উর রহমান।
হামের ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে সরকারের জরুরি অবস্থা জারির কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মুহূর্তে সরকারের এমন কোনো পরিকল্পনা নেই।’
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যচুক্তি নিয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘৬০ দিনের নোটিশ দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি বাতিল করার সুযোগ থাকলেও এখনই সরকার তা করবে না। বিএনপি সরকার ওই চুক্তির কিছু ধারা এখনো পর্যালোচনা করছে।’
এ সময় জ্বালানি সংকট নিরসনে নতুন আরও একটি অপরিশোধিত জ্বালানি তেল শোধনাগার করা হচ্ছে বলেও জানান জাহেদ উর রহমান। জানান, ওই শোধনাগারে বছরে তিন লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করা যাবে।


