সাতক্ষীরায় পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা চালানোর অভিযোগে আব্দুস সামাদ (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। আব্দুস সামাদ সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার বাসিন্দা।
জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, সাতক্ষীরায় পুলিশের ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার পর আব্দুস সামাদ বেশ কয়েকজন প্রার্থীর কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাকে শহরের সঙ্গীতা মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাকে পেনাল কোড ১৮৬০ সালের ১৮৮ ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।


