দেশি পাঞ্জাবি ‘ভারতের’ বলে বিক্রি করায় জরিমানা

দেশি পাঞ্জাবি ‘ভারতের’ বলে বিক্রি করায় জরিমানা
অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা করছে ভোক্তা অধিকার | ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রামে বাংলাদেশে তৈরি পাঞ্জাবিকে ভারতীয় পণ্য বলে বেশি দামে বিক্রির অভিযোগে ‘রাজস্থান’ নামের একটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে নগরের কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ।

অভিযান সূত্রে জানা গেছে, দোকানটিতে ১০ হাজার ৯০০ টাকায় একটি পাঞ্জাবি বিক্রি করা হচ্ছিল। বিক্রয়কর্মীর কাছে পণ্যের উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি সেটি ভারত থেকে আমদানি করা বলে দাবি করেন। পরপর কয়েকবার জিজ্ঞাসা করলেও একই দাবি করেন তিনি।

এ সময় কর্মকর্তারা পণ্যের আমদানির কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি বিক্রয়কর্মী। পরে তিনি স্বীকার করেন, পাঞ্জাবিটি আসলে বাংলাদেশেই তৈরি।

ফয়েজ উল্লাহ বলেন, ‘অভিযানের সময় একই পাঞ্জাবির গায়ে ভারতীয় ও বাংলাদেশি, দুটি আলাদা ট্যাগ পাওয়া যায়। তদন্তে দেখা গেছে, বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় বলে দাবি করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দোকানটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad