বর্তমান সরকার গঠনের পর থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। শুধু মাদক নির্মূল নয়, যুবসমাজকে সামাজিকভাবে মাদক থেকে দূরে রাখতে হবে।
শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসন দিয়ে গ্রেপ্তার বা জেল দিয়ে সমাজকে পুরোপুরি মাদক মুক্ত করা সম্ভব নয়। যুবসমাজকে মোবাইল থেকে বিচ্ছিন্ন করে খেলার মাঠে ফিরিয়ে আনা এবং সাংস্কৃতিকভাবে সম্পৃক্ত করার মাধ্যমে আমাদের সমাজকে মাদক মুক্ত করতে হবে। সরকার এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সিভিল সার্জন মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


