সরকার বর্তমানে নাগরিকের জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শিশু মৃত্যুর হার বৃদ্ধি, দুর্বল টিকাদান ব্যবস্থা, খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ জানিয়ে দলটি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে আয়োজিত ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ কর্মসূচিতে এ দাবি করেন এনসিপির নেতারা। কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা। এতে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘দেশের শিশু মৃত্যুর হার বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একে অপরের ওপর দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে।’
তিনি অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় এনে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, ‘সরকার বর্তমানে নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। সারা দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি গাজীপুরে পাঁচজন হত্যার ঘটনা, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই এবং দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির বিস্তার জনগণের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।’
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।’
এ ছাড়া তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তিনি বলেন, ‘শিশুদের অস্বাভাবিক মৃত্যুর এই পরিস্থিতি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করে শিশু মৃত্যুর হার বন্ধ করতে হবে।’জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মাহিন তালুকদার ও মো. ওহিদুজ্জামান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান ও তৌফিক নিয়াজসহ তেজগাঁও জোন এবং ঢাকা মহানগর উত্তরের অন্য নেতারা।
এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। তাদের মধ্যে গুম প্রতিরোধ কমিশনের মোহাম্মদ কাইয়ুমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, কার্যকর টিকাদান ব্যবস্থা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।


