জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর ওসাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ইকোনো কুমিন সেন্টারে আয়োজিত এ সভায় প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ অংশ নেন।
সভায় প্রবাসীরা বাংলাদেশ বিমানের ‘জাপান থেকে বাংলাদেশ’ সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং জাপানে মৃত্যুবরণ করা বাংলাদেশিদের মরদেহ সহজে দেশে পাঠানোর ব্যবস্থার দাবি তোলেন।
এ সময় উপস্থিত এনসিপি নেতারা এসব দাবি বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন।
সভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম বলেন, ‘খুনি হাসিনার বিচার এমন মানদণ্ডে হবে, যা বিশ্বের সব আইন ও বিচারব্যবস্থা মেনে নেবে।’
তিনি আরও বলেন, ‘হাসিনা বাংলাদেশের আলেম-ওলামা ও রাজনীতিবিদদের নিছক নিজের ইচ্ছা পূরণের জন্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই হাসিনার বিচারও লোক দেখানো হবে না; তাকে সঠিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ডে ঝুলানো নিশ্চিত করা হবে।’
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘১৯৭১ সালের সংবিধান থেকে মুসলমানদের রক্ত বাদ দেয়া হয়েছিল। গত ১৫ বছরে যদি কারও মুখে দাড়ি, মাথায় টুপি বা টাখনুর নিচে পোশাক থাকত, তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করাকে বৈধ করা হয়েছিল। এটি ছিল ভারতের এজেন্ডা, যা আওয়ামী লীগের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে স্বৈরাচারী ব্যবস্থা কার্যকর করা হয়েছিল, তার মূল ভিত্তি ছিল সংবিধান। তাই সংবিধান পরিবর্তন করা অপরিহার্য।’
অনুষ্ঠানে এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্সের এশিয়া প্রতিনিধি জুবায়ের সরদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, ওসাকার প্রতিনিধি মিরাজ, মঈনুল, সৌরভ ও সাজ্জাদ। অনুষ্ঠান পরিচালনা করেন হাসান বিন রহিম।


