সরকারের অদক্ষতায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যদি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করত, তাহলে নিউইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এ ধরনের কর্মকাণ্ড চালানোর সাহস পেত না। সরকার এখনও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা দেশে ও বিদেশে অবাধে কার্যক্রম চালাচ্ছে। ‘
বুধবার সকালে নবনির্বাচিত পিরোজপুর জেলা বিএনপির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কেউ লাঞ্ছিত করেনি; তাকে নিয়ে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর হামলার সময় বিএনপি মহাসচিবের লাঞ্ছিত হওয়ার কথা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তার ওপর কোনো ধরনের আক্রমণ হয়নি।’
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এই তিন রাজনৈতিক দলের নেতাদের সফরসঙ্গী হিসেবে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার বিকালে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি নেতা আখতার হোসেনের ওপর ডিম ছুড়ে মারেন ও নেতাদের হেনস্তা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
রিজভী স্পষ্ট ভাষায় জানান, ‘আওয়ামী লীগের দোসরদের সঙ্গে বিএনপি’র কোনো সম্পর্ক নেই। শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত আওয়ামী লীগ সরকারের শাসন ব্যবস্থা ভয়ংকর ফ্যাসিবাদী ও নিপীড়নের প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের বাইরে বসে দেশ ধ্বংসের নানা ষড়যন্ত্র ও চক্রান্তের পরিকল্পনা চলছে। জুলাই শহীদদের রক্ত যেন বৃথা না যায়।’
দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনও অর্থ লুটপাটকারীদের টাকা দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়নি এবং বিচারও কার্যকর করতে পারেনি বলেও অভিযোগ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব।


