সোমবার সন্ধ্যায় দুবাই আইসিসি একাডেমির মাঠে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন লিটন দাস। রিভার্স সুইপ, লফটেড অফ ড্রাইভ, ডাউন দ্য গ্রাউন্ডে এসে দারুণ সব শট দেখা যাচ্ছিল বাংলাদেশ অধিনায়কের ব্যাট থেকে। কিন্তু আচমকাই অফ স্টাম্পের বাইরের একটা বলে স্কয়ার কাট খেলার সাথেসাথে, বাম কোমড়ে হাত দিয়ে একপাশে সরে যেতে দেখা যায় তাকে।
এরপর নেট ছেড়ে চলে আসেন তিনি। একপাশে কাত হয়ে শুয়ে পড়ার পর ফিজিও বায়েজিদ ইসলামের কাছে নেন শুশ্রুষা। খোঁজ নিয়ে জানা যায়, পাঁজরে টান খেয়েছেন এই ডানহাতি ব্যাটার। সেই সন্ধ্যায় আর ব্যাট করতে দেখা যায়নি তাকে। যদিও বেশ স্বাভাবিকভাবেই মাঠ ছেড়েছেন বাকি সবার সাথে। কিন্তু বুধবার সন্ধ্যায় শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে তার খেলা, না খেলা নিয়ে খানিকটা অনিশ্চয়তাও দেখা দিয়েছে।
যদিও দলীয় সূত্রে জানা গেছে, লিটনের গুরুতর কিছু হয়নি, স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন। মঙ্গলবার জানানো হয়েছিল, ম্যাচের আগ পর্যন্ত লিটনকে তারা পর্যবেক্ষণে রাখবেন। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ অধিনায়ক খেলবেন কিনা, সেই ব্যাপারে দল সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
ফিফটি দিয়ে শুরু করা চলতি এশিয়া কাপে বেশ ছন্দে আছেন লিটন। মাঝে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা একপাশে সরিয়ে রাখলে টি-টোয়েন্টির আদর্শ ছন্দেই ব্যাট করেছেন তিনি। একে তো অধিনায়কত্বের প্রসঙ্গ আছেই, সাথে তার ব্যাটিং সার্ভিসও দলের জন্য গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে ম্যাচের পরদিনই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। যারা মঙ্গলবার রাতে শ্রীলংকাকে হারিয়ে বাঁচিয়ে রেখেছে সুপার ফোরের আশা।


