যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় শরীয়তপুরের নাড়িয়া উত্তেজনা ছড়িয়েছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেনকে হেনস্তার প্রতিবাদে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের আওয়ামী নেতা জাহিদ হাসানের বাড়ির সামনে বিক্ষোভ করেছে স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা। জাহিদ হাসান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের পদে আছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নড়িয়ার তেলীপাড়া গ্রামে এ বিক্ষোভ হয়। শরীয়তপুর জেলা এনসিপি’র সমন্বয়কারী রুহুল আমিনের নেতৃত্বে উত্তেজিত নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাহিদের বাড়ির মূল ফটকে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানান।
রুহুল আমিন বলেন, ‘আওয়ামী লীগের নেতারা নিজেদের অপরাধ ঢাকতে বিদেশে পালিয়ে গিয়ে চক্রান্ত করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে অতিথিদের ওপর ডিম নিক্ষেপ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এরই প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি।’ বুধবার তারা জেলা এনসিপি’র পক্ষ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুরের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির অভিযোগ করে বলেন, ‘যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নেতাদের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে শরীয়তপুরের ছাত্র-জনতা জাহিদের বাড়ির সামনে ডিম ছুড়েছে। জাহিদের মাধ্যমে আওয়ামী লীগের বহু নেতা বিদেশে টাকা পাচার করেছে। তাই তাদের সামাজিকভাবে প্রতিহত করতে হবে।’

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রশাসন। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আশিক মাহমুদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।’
গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে অন্য রাজনৈতিক নেতাদের সঙ্গে এনসিপি’র নেতারা যুক্তরাষ্ট্রে যান। সেখানে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এনসিপি’র সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে লক্ষ্য করে কটুক্তি করা হয়।


