কক্সবাজারের মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিংবোটের ১৩ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাত ৮টার দিকে মহেশখালী উপকূল থেকে পশ্চিম গভীর সমুদ্র এলাকায় মাছ ধরতে গিয়ে ‘এফ বি আল্লাহর দান-২’ নামে একটি ফিশিংবোট ডাকাতের কবলে পড়ে। ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম লুট করে। পরে জেলেদের সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যান ডাকাতদলের সদস্যরা।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯ এর মাধ্যমে বিষয়টি অবহিত হলে কোস্ট গার্ড সদস্যরা দ্রুত সেখানে গিয়ে তাদের উদ্ধার অভিযান শুরু করেন। পরে ১৩ জন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতদের মধ্যে গুরুতর আহত দুইজন জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ফিশিং বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, উপকূলীয় ও গভীর সমুদ্র এলাকায় জেলে ও নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


