ঢাকা-১৭ আসনের কড়াইল, ভাষানটেক ও সাততলা এলাকার বাসিন্দাদের নানা সমস্যা শুনে ‘সমতাভিত্তিক রাষ্ট্র’ বিনির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।
বুধবার বিকালে হাতিঝিল অ্যাম্ফিথিয়েটারের উন্মুক্ত গ্যালারিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, একটি অনুষ্ঠানে আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে তুলে ধরেছেন, এখন একে অপরকে আরও জানার চেষ্টা করা উচিত এবং সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে কীভাবে এসব সমস্যার সমাধান করে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়, সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।
তিনি বলেন, ‘আমরা এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়তে চাই, যেখানে নেতার আগে জনতা, ক্ষমতার আগে মানুষ এবং সবার আগে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করে যেতে হবে।’
অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষের উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে জুবাইদা রহমান বলেন, ভাষানটেক, কড়াইল ও সাততলা থেকে আসা কয়েকজন নারী, পোশাকশ্রমিক ও পরিবহন শ্রমিক তাদের হৃদয়বিদারক সমস্যার কথা তুলে ধরেছেন। এখানে সমস্যা অনেক, আমাদের সবারই সমস্যা আছে, তবে সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, আমাদের রাজনীতি সুষ্ঠ পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। ‘আমি’র আগে ‘আমরা’, ‘আমাদের’র আগে ‘দেশ’, ক্ষমতার আগে ‘জনতা’ এবং ভেদাভেদের আগে ‘সমতা’-এই নীতিতেই আমরা এগোতে চাই। সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি, অধিকার ও সুবিচার নিশ্চিত করাই লক্ষ্য।
এ মতবিনিময় সভায় কড়াইল, ভাষানটেক ও সাততলার রিকশাচালক, বাসচালক, পোশাকশ্রমিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, কৃষিবিদ, ব্যাংকারসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বক্তারা তাদের এলাকার সমস্যা তুলে ধরে রাস্তা-ঘাটের উন্নয়ন, পয়ঃনিষ্কাশনের সুষ্ঠ ব্যবস্থা, খেলার মাঠ নির্মাণ, হাসপাতাল স্থাপন, শিল্পকারখানায় ডে-কেয়ার সেন্টার, নারী শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ, যানজট নিরসন, বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসন, গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে দুর্নীতি দূরীকরণ এবং সড়কবাতির উন্নয়নের দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার। এতে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট আবদুস সালামসহ অন্যান্য অতিথিরা।


