খুলনায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের ধারণা, প্রতিপক্ষ গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে খুলনার খানজাহান আলী থানার আফিল জুট মিল গেটে এ ঘটনা ঘটে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম সোহেল শেখ (৪৮)। তিনি ওই এলাকার বাচ্চু শেখের ছেলে। সোহেল দুই মামলার আসামি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আফিল জুট মিলের সামনে একটি ওয়ার্কশপে সোহেল নিজের ব্যক্তিগত মোটরসাইকেল মেরামত করাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে প্রাণ হারান সোহেল। চরমপন্থি দলের মধ্যে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে জানিয়েছেন স্থানীয়রা।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহতের বিরুদ্ধে দুটি আলোচিত মামলা রয়েছে। প্রতিপক্ষ গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।


