পাবনার বেড়া উপজেলায় ধান ক্ষেত থেকে ফজলুর রহমান (৫৫) নামের এক বৃদ্ধ ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বেড়া পৌর এলাকার বড়শিলা মহল্লার এক ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফজলুর রহমান বেড়া পৌরসভার হাতিগাড়া মহল্লার মৃত আব্দুল মুন্নাফের ছেলে। তিনি উপজেলার হাতিগাড়া ক্যানেল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ফজলুর রহমান। সকালে পৌরসভা এলাকার বড়শিলা থেকে নলভাঙ্গা যাওয়ার পথের পাশের ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
পরে পুলিশকে খবর দিলে তার মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থলের পাশেই তার ব্যবহৃত ভ্যান জব্দ করা হয়।
ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে তাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। কিন্তু হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে বেড়া মডেল থানার ওসি নিতাই চন্দ্র বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।


