ঈদে যদি আপনার ব্যস্ততা অনেক বেশি থাকে কিংবা আপনি যদি রান্নায় তেমন পটু না হন, তাহলে আপনার জন্য আজকের এই রেসিপি।
আমি বলি, এটা দুনিয়ার সবচেয়ে সহজ কিন্তু মজার ডেজার্টের রেসিপি। দুধ জ্বাল দেওয়ার ঝামেলা নেই, এমনকি এই রেসিপি তৈরি করতে আপনাকে চুলাই জ্বালাতে হবে না!
অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে এটি।
উপকরণ:
আধকেজি টক দই
এক কৌটা কনডেন্সড মিল্ক
এক ক্যান ডানো স্টেরিলাইজড ক্রিম
কয়েক পদের ফল নিতে পারেন। সবগুলো ছোট ছোট করে কেটে নিতে পারেন।
এক্ষেত্রে যখন যা পাওয়া যায় তাই দেবেন। যেমন স্ট্রবেরি, আঙুর, আম, কলা, আপেল। লক্ষ্য রাখবেন, এমন কোনো ফল মেশাবেন না যেগুলোয় পানি ছাড়ে; যেমন পেঁপে, আনারস, তরমুজ।
যেভাবে বানাবেন:
প্রথমেই পাতলা কাপড়ে বা চিজক্লথে বেঁধে টকদইয়ের পানি ঝরিয়ে নিতে হবে।
এরপর একটা পাত্রে পানি ঝরানো দই নিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে মসৃণ করে ফেটে নিতে হবে। এর মধ্যে এক কৌটা কনডেন্সড মিল্ক আর এক টিন ডানো ক্রিম দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এক্ষেত্রে ইলেকট্রিক বিটার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কেবল খেয়াল রাখতে হবে সবকিছু যেন ভালোভাবে মিশে সুন্দর একটা ক্রিম তৈরি হয়।
এখন এই মিশ্রণের সঙ্গে ছোট করে কাটা ফল মেশাতে হবে। তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।
এই ডেজার্ট খেলে মন খুশি হয়ে যাবে, কথা দিলাম।


