চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজের সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে বাবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও ডিবির এক যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত শিশু সিয়ামকে (৮) সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন- সিয়ামের বাবা আজিজুল (২৮) ও তার সহযোগী আক্তার (২৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে শিশুটির বাবা এক সহযোগীকে সঙ্গে নিয়ে সিয়ামকে অপহরণ করে। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার দিকনির্দেশনায় জীবননগর থানা পুলিশ ও পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির (সিআইডি) সাব-ইন্সপেক্টর আশরাফ বিশ্বাসের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানের এক পর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে পাকা দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে সিয়ামকে উদ্ধার করা হয়। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তার করা হয়।
এ সময় মুক্তিপণ হিসেবে বিকাশে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং একটি ধারালো হাসুয়া জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, সিয়ামের মা বর্তমানে ভারতে থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তাকে অপহরণ করে তার গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছে টাকা আদায়ের চেষ্টা করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে।


