লঞ্চের কেবিনে ভিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে হাতিয়া উপজেলার ওছখালী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। একই সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও সেখানে বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এতে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন বলেন, ‘লঞ্চে যারা ধর্ষণ করেছে তারা এনসিপি সমর্থক। ধর্ষণের প্রতিবাদে আমরা একটা মিছিল বের করলে একই জায়গায় এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তখন সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। আমাদের নেতাকর্মীরা মিছিল নিয়ে থানার সামনে গিয়ে ফেরত আসার পরই এনসিপি নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের উপজেলা যুবদলের আহবায়ক মো. ইসমাইল হোসেন ইলিয়াস, পৌরসভা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখুসহ আরও কয়েকজন আহত হন।’
হাতিয়া উপজেলা জাতীয় যুবশক্তির নেতা মো. ইউসুফ বলেন, ‘আমাদের বিক্ষোভ মিছিলে বিএনপি নেতাকর্মীরা হামলা করলে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হন।’
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপি নেতাকর্মীরা একটি মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীরাও অন্য দিক থেকে একটি মিছিল নিয়ে আসে। উভয়পক্ষ মুখোমুখি হওয়ার পর দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। বড় কোনও সংঘর্ষ ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে, গত ৮ মার্চ নোয়াখালীর হাতিয়া থেকে এমডি ফারহান লঞ্চে করে ঢাকায় যাওয়ার পথে ভিকারুননেসা নূন স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর এক শিক্ষার্থী (১৭) ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ঢাকার কোতোয়ালি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্ত দুইজনকে আটক করে।
আটক এক আসামি মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একইদিন অপর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ধর্ষণের শিকার ভুক্তভোগী শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


