চট্টগ্রামের বাকলিয়ার মিয়া খান নগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় শওকত গ্রুপের মো. শওকত আলীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোরে বাকলিয়ার তক্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অপর পক্ষের মোর্শেদ খানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার শওকত আলীর বাড়ি চাঁদপুর জেলায় হলেও তিনি বাকলিয়ার তক্তারপুল এলাকায় থাকতেন। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত শনিবার রাত ১০টার দিকে মিয়া খান নগর ময়দার মিল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোর্শেদ খানের অনুসারীরা তাদের প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।
জানা গেছে, এ ঘটনায় গুলিবিদ্ধ মাদ্রাসাছাত্র ফাহিমের বাবা সোলাইমান বাদশা বাদী হয়ে বাকলিয়া থানায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২৪ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় এক নম্বর আসামি করা হয়েছে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ৩০০ দুষ্কৃতকারীর তালিকার অন্যতম সদস্য মোর্শেদ খানকে।
এ ছাড়া যাদের আসামি করা হয়েছে তারা হলেন আজম খান, শওকত, মো. ফারুক হোসেন, হোসেন, কিশোর গ্যাং সদস্য আবু কাউছার, মো. সজিব, সৈয়দ সুমন, মো. বাবলা, কানন, রায়হান ও নাছির।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘অভিযান চালিয়ে শওকতকে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।’


