জুলাই সনদ সইয়ের দিনে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের রাস্তায় নামা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ‘ইন্টেরিম সরকারের (অন্তর্বর্তী সরকারের) ব্যর্থতাই জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে।’
শুক্রবার দুপুরে ঢাকার মিরপুর ১০-এর সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে জুলাই যোদ্ধাদের মার খাওয়া লজ্জাজনক। অনেকের অনেক দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ তাদেরকে (জুলাই যোদ্ধাদের) বঞ্চিত করা হচ্ছে।’
‘দেশের ইতিহাসে জামায়াতের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি। তাই জুলাই মজলুমদের কষ্ট আমরাই সবচেয়ে ভালো বুঝি’, যোগ করেন তিনি।
জামায়াত জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যক্তিগত কিংবা প্রতিহিংসা থেকে প্রতিশোধ নেয়নি বলেও উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘সুযোগ থাকার পরও জামায়াত কোনো অপরাধে লিপ্ত হয়নি। এমনকি সামনের দিনগুলোতেও কাউকে অপরাধ করতে দেওয়া হবে না।’
শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘রণক্ষেত্র’ সৃষ্টি হয়। দুপুর থেকেই পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান ‘জুলাই যোদ্ধারা’। তাদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়ে সাউন্ড গ্রেনেডও।
জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। এসময় বেশ কয়েকজন আহন হন, আগুন ধরিয়ে দেওয়া হয় সনদ সই অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা তাঁবুসহ বিভিন্ন সরঞ্জামে। এক ঘণ্টার বেশি সময় ধরে চলে পাল্টাপাল্টি ধাওয়া, লাঠিচার্জ, ইট-পাটকেল নিক্ষেপ। পরে বেলা পৌনে ৩টার দিকে পুরো এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।


