রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বুধবার বিকালে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া–৫’ লঞ্চের সঙ্গে ঢাকা–দৌলতদিয়া–যশোরহাট রুটের ‘এমভি জাকির স্মার্ট–৩’ লঞ্চের সংঘর্ষ ঘটে। এ ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করার লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবুল ইসলামকে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন, বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) এস এম শাহেদ রেজা, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার ও শিপ সার্ভেয়ার (সদরঘাট) মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক (অপারেশন) এ কে এম শামসুজ্জোহা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. মেহেদী হাসান, যিনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ, দায়ী ব্যক্তিদের পরিচয় এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে।
এদিকে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


