বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, ‘সংসদে শপথের দিনই আমরা বলেছি, বিএনপি আজ থেকে ফ্যাসিবাদের পথেই হাঁটা শুরু করল।’
শনিবার দুপুরে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের’ নিয়ে জামায়েত ইসলামীর জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড নিয়ে বিএনপির দাবিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন, ‘বিএনপির লোকেরা এখন দাবি করে, জুলাই গণঅভ্যুত্থানের অমুক মাস্টারমাইন্ড, তমুক মাস্টারমাইন্ড… মূলত এসবই ভুয়া।’
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নিয়েও উদ্বেগ জানান জামায়াত আমির। তিনি বলেন, ‘আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আদু ভাই-দাদু ভাই দেখতে চাই না।’ সমাবেশ স্থলের কাছেই রমনা থানার সামনে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের পেটানোর ঘটনায়ও ক্ষোভ জানান তিনি।
জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘জুলাই কেবল ২০২৪ সালে হয়নি, জুলাই প্রতি বছর হয়েছে। আবারও জুলাই আসবে, সেই জুলাইয়ে জনগণের প্রকৃত বিজয় হবে।’
‘বিড়ালের মতো শত বছর নয়, সিংহের মতো এক সেকেন্ড বাঁচতে চাই’ উল্লেখ করে জুলাই সনদ বাস্তবায়নে সংসদ এবং সংসদের বাইরে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় জোটের এই নেতা।
একই সমাবেশে এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ সরকারের সমালোচনা করে বলেন, ‘আন্দোলন হলে তা সামাল দেওয়ার সক্ষমতা সরকারের নেই।’
তিনি সরকারকে অভিজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা কানকথা বলে ও তেল মারে, তাদের থেকে দূরে থাকুন।’
দ্রুত গণভোট ও সংস্কারের রায় বাস্তবায়ন না হলে সারা দেশে বিক্ষোভ মিছিল ছড়িয়ে পড়বে হুঁশিয়ারি দিয়ে এই নেতা বলেন, ‘ঢাকায় এই বিক্ষোভ সামাল দেওয়া গেলেও ৬৪ জেলায় তা সম্ভব হবে না।’
সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি আবারও আওয়ামী লীগের মতো প্রতিটি পদক্ষেপে স্বৈরাচারী পথে হাঁটছে। এ দেশের মানুষ নতুন কোনো স্বৈরাচার মেনে নেবে না। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপিকে বাধ্য করা হবে।’
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক বলেন, ‘যখন বিএনপি নেতাদের সঙ্গে আমরা একসঙ্গে কারাগারে ছিলাম, তখন তারা বলতেন- ২০৪১ সালের আগে শেখ হাসিনা হয়তো ক্ষমতা ছাড়বেন না। অথচ যে জুলাই আন্দোলনকারীরা শেখ হাসিনাকে বিদায় করল, তাদেরকেই এখন বিএনপি ভুলতে বসেছে।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে এলে বিএনপির পরিণতি কী হবে, তা সময়ই বলে দেবে।’


