আওয়ামী লীগ পতনের পর বন্ধ হওয়া শিল্প-কলকারখানা আবার চালু করার বিষয়টি দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গত ১৫ বছরে যারা লুটপাট, চুরি এবং ব্যাংক ডাকাতি করেছেন, তাদের ধরা হোক এবং শাস্তি দেওয়া হোক। তবে তিনি প্রশ্ন করেন: লুটপাটকারীদের যে শিল্প-কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফলে যে ১৪ লাখ মানুষ বেকার হয়ে গেলেন, তাদের কী হবে?
শনিবার রাজধানীর একটি হোটেলে ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে ২০২৫’-এ তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল মনে করেন, বেকারত্ব সৃষ্টি না করে বরং এই কারখানাগুলোকে কিভাবে আবার চালু করা যায় সেটাই সরকারের দেখা উচিত।
তিনি বলেন, একটা ক্লোজ ইকোনমিকে ওপেন ইকোনমিতে নিয়ে আসার ব্যাপারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা ছিল সবচেয়ে লক্ষণীয়। তখন থেকেই বিএনপিকে তিনি সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন।
বিএনপি অতীতে যতবার ক্ষমতায় ছিল ততবারই অর্থনীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপির লক্ষ্য হচ্ছে কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষ যেন ভালো থাকে, অর্থনীতিতে স্থিতিশীলতা থাকে, ম্যাক্রো অর্থনীতি যেন শক্তভাবে দাঁড়ায়।
তিনি বলেন, এদেশের কৃষকদের প্রচুর উৎপাদনশীলতা আছে। তাদেরকে সার-বীজ-সেচ সরবরাহসহ ঠিকমতো সাহায্য করতে পারলে এক্ষেত্রে আরও অনেক বেশি অর্জন করা সম্ভব।


