ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ পড়ানোর অনুষ্ঠান শুরু হতে বাকি আর এক ঘণ্টারও কম সময়। এরই মধ্যে সংসদ ভবন প্রাঙ্গণে পৌঁছতে শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।
মঙ্গলবার সকাল ১০টায় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। সে অনুযায়ী, সকাল ৯টা থেকেই সংসদ ভবনের ফটক দিয়ে ঢুকতে শুরু করেছে নবনির্বাচিত সংসদ সদস্যদের গাড়ি।
সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
এবার নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বিএনপি। তাই প্রথা অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এই দলটির এমপিদেরই শপথই আগে পড়ানো হবে।
শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ও তার চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন, তাদেরও জাতীয় পরিচয়পত্র দেখে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে।
তবে নিরাপত্তা জোরদার করা হলেও সংসদ ভবন এলাকায় রয়েছে প্রচুর উৎসুক মানুষের ভিড়। নির্বাচিত এমপিদের যদি এক নজর দেখা যায়, সেই উৎসাহ সবার চোখেমুখে।
ফলে দেখা গেছে, প্রায় প্রতিটি গাড়িকেই জনতার ভিড় পেরিয়ে সংসদ ভবনের নিরাপত্তা চৌকিতে প্রবেশ করতে হচ্ছে।


