ঢাকার বাড্ডার একটি মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে। অবশ্য কয়েক ঘণ্টার মধ্যেই অক্ষত অবস্থায় এসব গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে নিমতলার শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এক উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকসহ মোট পাঁচ পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তবে পরে গুলিগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ।
তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে গুলি ও মালামাল ভর্তি ব্যাগগুলো উদ্ধার করা হয়। চুরি হওয়া গুলিগুলো অক্ষত অবস্থায় ছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ।
ঘটনা সম্পর্কে ডিএমপির সদর দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, নিমতলার শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে ডিউটিরত পুলিশ ফোর্সদের থাকার জন্য মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মাণাধীন ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ভোর আনুমানিক সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যবর্তী যেকোনো সময় ঘুমিয়ে থাকা চারজন ফোর্স ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের চারটি ব্যাগ, দুটি মানিব্যাগ ও তিনটি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শর্টগানের গুলিও ছিল।


