রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন, ট্যাব, ডিসপ্লে ও মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশসহ একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২।
রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ ব্যাটালিয়ন সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান।
গ্রেপ্তাররা হলেন মো. মুন্না শেখ (২৯), মো. নাসির উদ্দিন শান্ত (২৬) ও মো. নাসিম (২৮)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি রাজধানীতে মোবাইল ফোন চুরির ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় চোরাই মোবাইল কেনাবেচা চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি নতুন অ্যান্ড্রয়েড ফোন, ১২৬টি পুরোনো মোবাইল ফোন, ১৬৫টি পুরোনো মোবাইল ডিসপ্লে, ১৬টি পুরোনো ট্যাব এবং ৬৫টি মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ফোন কিনে কম দামে বিক্রি করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিনির্ভর ট্র্যাকিং এড়াতে তারা মোবাইল ফোন খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করত।
পাশাপাশি মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে অপরাধীদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তা করত বলেও জানিয়েছে তারা।
এক প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ের চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা হলেও কেনাবেচা চক্রের সদস্যরা আড়ালে থাকত। এই চক্রে আরও অনেকে জড়িত, তাদের ধরতে অভিযান চলছে।
তিনি আরও জানান, এই চক্রের সদস্যরা ব্যাচেলর হিসেবে বাসা ভাড়া নিয়ে এর আড়ালে চোরাই মোবাইল ও যন্ত্রাংশ কেনাবেচার ব্যবসা চালাত।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।


