কর্মী নিতে চায় আলবেনিয়া, ভিসা সহজ করার আহ্বান বাংলাদেশের

কর্মী নিতে চায় আলবেনিয়া, ভিসা সহজ করার আহ্বান বাংলাদেশের
Advertisement
Advertisement

বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। সেজন্য ভিসা সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কর্মী নেওয়ার প্রস্তাব দেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ।

প্রেসিডেন্ট বেগাজ বলেন, ‘আমাদের দেশে শ্রমশক্তির প্রয়োজন। ইতোমধ্যে বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে।’

আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরে তিনি বাংলাদেশি পর্যটকদের সেখানে ভ্রমণের আমন্ত্রণ জানান। তিনি বলেন, দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে, বিশেষত পর্যটন খাতে।

তার এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, তরুণ ও উদ্যমী কর্মশক্তির কারণে বাংলাদেশ আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে সক্ষম।

আরও পড়ুন

আলবেনীয় সরকারকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয়।

জবাবে প্রেসিডেন্ট বেগাজ জানান, বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে আলবেনিয়া। পাশাপাশি উচ্চপর্যায়ের সরকারি সফর বিনিময়সহ প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে বলেন, বাংলাদেশ চিকিৎসক-নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষিখাতের কর্মীসহ বহুমুখী শ্রমশক্তি সরবরাহে সক্ষম। এ ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এছাড়া আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত বলে জানান প্রেসিডেন্ট বেগাজ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad