বৈরী আবহাওয়ায় কারণে টানা এক সপ্তাহ যোগাযোগ বিচ্ছিন্ন থাকা ঢাকার ৪ পর্যটককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
আটকে থাকা পর্যটকরা হলেন, ঢাকা সুত্রাপুরের শামসুদ্দিন বাদলের ছেলে মো. মারুফ উদ্দিন, মো. আমিরুল ইসলামের ছেলে হুরায়রা জাদিম, জহির রায়হানের ছেলে তামিম রায়হান সৌরভ এবং ঢাকার শ্যামপুরের মো. মাহাবুবুল আলমের ছেলে মাহাদি আল মাহবুব।
স্থানীয় সুত্র জানায়, ট্যুর গাইড সুমন ত্রিপুরাকে সাথে নিয়ে গত ৪ জুলাই আমিয়াখুম ও বেলাখুম পয়েন্টে যান ওই চার পর্যটক।
এ সময় প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদী-খাল উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় প্রাণ বাঁচাতে তারা পাহাড়ি পথ ডিঙিয়ে থুইসা খিয়াং পাড়ায় আশ্রয় নেন। পাহাড়ি একজন তাদের আশ্রয় দিয়ে থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেন।
থানচির বলি পাড়া জোনে দায়িত্বরত বিজিবির ৩৩ নং ব্যাটেলিয়নের সহকারি পরিচালক জাকির হোসেন জানান, স্থানীয় ট্যুর গাইড সুমন ত্রিপুরাসহ ওই চার পর্যটক তিন্দু ইউনিয়নের থুইসা খিয়াং পাড়ায় আটকে ছিলেন। সেই খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পারে বিজিবি। বিষয়টি বলিপাড়া বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল ইয়াসির আরাফাতকে জানানো হয়।
তার নির্দেশে শুক্রবার বিকালে পর্যটকদের অবস্থান নিশ্চিত হয় বিজিবি। স্থানীয়দের মাধ্যমে সেখানে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরে জিন্না পাড়া ক্যাম্পের জওয়ানরা শনিবার সকালে তাদের উদ্ধার করে নিয়াপিউ ম্রো পাড়া সংলগ্ন বিজিবি ক্যাম্পে নিয়ে আসে। সেখানেই তারা রাতে ছিলেন।
তিনি আরও জানান, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢল কমলে এবং আবহাওয়া অনুকুল থাকলে রোববার দুপুর নাগাদ তাদেরকে তমাতুঙ্গি হয়ে সড়ক পথে থানচি উপজেলা সদরে নিয়ে আসা হবে।
থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল জানান, আটকে পড়া পর্যটকরা নিরাপদ ও সুস্থ আছেন। থানচি পৌঁছার পর তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হবে।


