রাজধানীতে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলজট নিরসন এবং উপড়ে পড়া গাছ সরিয়ে সড়ক সচল রাখতে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম।
রোববার ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টির পর থেকেই মাঠপর্যায়ে কাজ শুরু করেন কর্মীরা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন রাজধানীতে সর্বশেষ ৬ ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। সারা দিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অব্যাহত ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলজট দ্রুত দূর করতে কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পাশাপাশি রাস্তা থেকে পানি নিষ্কাশনের মুখগুলো পরিষ্কার রাখতে ভোর থেকে কাজ করছে ডিএসসিসির ইমারজেন্সি রেসপন্স টিম।
দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত সংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম ঘটনাস্থলে যান। তিনি নিজে দাঁড়িয়ে থেকে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সড়ক থেকে দ্রুত গাছ অপসারণের কাজ তদারকি করেন। দুপুর ১টার দিকে সড়ক থেকে গাছটি সম্পূর্ণ সরিয়ে ফেলা হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সকাল থেকে ডিএসসিসি প্রশাসক তার আওতাধীন এলাকার প্রধান প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন করছেন। এ সময় বিভিন্ন সড়কে চলমান ইমারজেন্সি রেসপন্স টিমের পানি নিষ্কাশন কার্যক্রমও ঘুরে দেখেন তিনি।
ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘টানা ভারী বৃষ্টি সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’ তিনি যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে একসঙ্গে এই পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
উদ্ভূত পরিস্থিতিতে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার চলমান রাস্তা খননের ফলে সৃষ্ট গর্ত এবং বিভিন্ন এলাকায় থাকা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগগুলো সতর্কতার সঙ্গে এড়িয়ে চলার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।


