স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় বৈঠক করেছে ইউনেস্কোর একটি প্রতিনিধিদল। বৈঠকে দেশে পুলিশ প্রশিক্ষণ, গণমাধ্যমের সঙ্গে পুলিশের সম্পর্ক উন্নয়ন এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার জাতীয় সংসদে মন্ত্রীর দপ্তরে এ বৈঠক হয়। ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন ইউনেস্কো বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ফারহানা শাহনাজ এবং মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম ফয়সাল।
বৈঠকে ইউনেস্কোর চলমান প্রকল্পের আওতায় পুলিশ ও সাংবাদিকদের প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সুসান ভাইজ জানান, পুলিশ প্রশিক্ষণ নিয়ে ইতিমধ্যে পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে আগামী জুনের মধ্যেই প্রশিক্ষণ শুরু করা সম্ভব হবে।
এ বিষয়ে সম্মতি জানিয়ে দ্রুত প্রশিক্ষণ আয়োজনের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইউনেস্কোর সহযোগিতায় বিভাগীয় সদর দপ্তরগুলোতে ডিআইজি ও এসপি পদমর্যাদার কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি পুলিশের বিভিন্ন ইউনিটের মিডিয়া শাখায় কর্মরত কর্মকর্তাদের এ প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণ কর্মসূচি শনিবার আয়োজন করা হলে তা পুলিশ কর্মকর্তাদের জন্য সুবিধাজনক হবে। এ সময় সুসান ভাইজ জানান, সাংবাদিকদের জন্যও একই ধরনের প্রশিক্ষণ আয়োজন করছে ইউনেস্কো।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, তবে এর সঙ্গে জবাবদিহির বিষয়টিও গুরুত্বপূর্ণ। তিনি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে ইউনেস্কো প্রতিনিধিদের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান এবং উপসচিব মিনারা নাজমীন উপস্থিত ছিলেন।


