[live_update time=”বিকাল ৪.৪৪” title=”ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন মুলতবি”]
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। পরে বিকালে স্পিকার অধিবেশন আগামী রোববার বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। তাদের সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। তবে এবার সেই নিয়মের ব্যতিক্রম হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২০২৪ সালের সেপ্টেম্বরে পদত্যাগ করার পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। অন্যদিকে বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক (টুকু) হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
এ অবস্থায় সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে স্পিকার অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
[/live_update]
[live_update time=”বিকাল ৪.০৩” title=”গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদি সরকারের পতন ঘটেছে: রাষ্ট্রপতি”]
সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদি সরকারের পতন ঘটেছে।’ তিনি জুলাই আন্দোলন ও জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন। বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন।
রাষ্ট্রপতি বলেন, ‘একদিকে বিশ্বে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে মূল্যস্ফীতি, একারণে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আশা করা যায় ভবিষ্যতে কৃষি ও অর্থনীতির ক্ষেত্রে জনকল্যাণমূলক পদক্ষেপ নেবে।’
রাষ্ট্রপতি বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘কঠোর হস্তে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ হবে এই সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার।’
নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে বর্তান সরকারের নেওয়া অতীতের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন রাষ্ট্রপতি।
[/live_update]
[live_update time=”বেলা ৩.৪০” title=”রাষ্ট্রপতি ভাষণ শুরু করতেই বিরোধী দলের ওয়াক আউট”]
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দিতে শুরু করতেই হট্টগোল শুরু করে বিরোধীদলীয় নেতারা। এসময় জামায়াত জোটের নেতারা কয়েকটি প্ল্যাকার্ড তুলে ধরে। তারা রাষ্ট্রপতির ভাষণ না শুনেই ওয়াক আউট করে।
বিরোধী দলের নেতাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ কর’ ইত্যাদি।
এসব হট্টগোলের মধ্যেই বক্তব্য শুরু করেন রাষ্ট্রপতি। তার বক্তব্য চলাকালে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ সদস্যদের টেবিল চাপড়াতে দেখা যায়।
[/live_update]
[live_update time=”বেলা ৩.০৯” title=”খালেদা জিয়া ও জুলাই যোদ্ধাদের জন্য এক মিনিটের নীরবতা”]
জাতীয় সংসদে খালেদা জিয়া ও জুলাই যোদ্ধাদের শোক প্রস্তাবে আলোচনার পর তাদের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সবার জন্য দোয়া করা হয়।
[/live_update]
[live_update time=”দুপুর ২.৫৫” title=”দিনটি একই সঙ্গে আনন্দের, আবেগের ও দুঃখের: নাহিদ ইসলাম”]
সংসদ অধিবেশনে জুলাই যোদ্ধাদের নিয়ে শোক প্রস্তাবে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ফ্যাসিস্ট মুক্ত করেছিলাম এই সংসদ।’
আজকের দিনটি একই সঙ্গে আনন্দের, আবেগের ও দুঃখের বলে উল্লেখ করেন তিনি। এসময় নাহিদ ইসলাম মুগ্ধ, ইয়ামিন, আবু সাঈদ, ফেলানিদের স্মরণ করেন। তিনি বলেন, ‘আমরা যারা সংসদে বসতে পেরেছি কেউ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করব না।
স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘কোন ফ্যাসিস্ট বা তার দোসর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট মুক্ত, ফ্যাসিবাদের দোসর মুক্ত জাতীয় সংসদ চাই।’
[/live_update]
[live_update time=”দুপুর ২.৪৩” title=”চব্বিশের রক্তের উপরে দাঁড়িয়ে এবারের সংসদ: শফিকুর রহমান”]
বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালের সংসদ প্রতিষ্ঠিত হয়েছে ২০২৪ সালের রক্তের ওপর দাঁড়িয়ে। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি ১৯৭১ থেকে শুরু করে ২০২৪ এর গণঅভ্যুত্থানের জীবনদানকারী শহীদদের স্মরণ করেন।
শফিকুর রহমান বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান হয়েছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে। আমরা এখনো এ সংসদেই বলছি, আমরা এই বাক্যেই বিশ্বাসী।
তিনি একটি কার্যকর সংসদ গড়ে তোলার জন্য স্পিকারকে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রত্যাশা করেন, স্পিকার সে দায়িত্ব পালন করবেন।
[/live_update]
[live_update time=”দুপুর ২.৩৭” title=”সংসদে আল মাহমুদের কবিতা শোনালেন মির্জা ফখরুল”]
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খালেদা জিয়ার শোকপ্রস্তাবের আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা জানেন আমি কবিতা পড়তে ভালোবাসি। আজ খালেদা জিয়াকে নিয়ে লেখা আল মাহমুদের লেখিা একটি কবিতা পড়ে শোনাব।’
পরে তিনি সেই কবিতা পড়ে শোনান।
[/live_update]
[live_update time=”দুপুর ২.১৫” title=”খালেদা জিয়া অপরাজিতা: স্বরাষ্ট্রমন্ত্রী”]
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এই সংসদ গঠিত হওয়ার পরে যিনি সবচেয়ে বেশি খুশি হতেন সেই খালেদা জিয়া আজ আমাদের সঙ্গে নেই। তিনি অপরাজিতা। তিনি যতবার যত আসনে নির্বাচন করেছেন ততবার নির্বাচিত হয়েছেন।’
[/live_update]
[live_update time=”দুপুর ২.১৫” title=”খালেদা জিয়া, খামেনি, মনমোহন সিংয়ের জন্য শোক প্রস্তাব”]
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাব আনা হয় সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য। এদিন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্যও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরীসহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোকপ্রস্তাব আনা হয়।
এরপর বিরোধীদলীয় উপনেতা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের অভিযোগ করেন এই শোকপ্রস্তাব একপেশে। তিনি মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, শরিফ ওসমান হাদিসহ বিভিন্ন নেতাদের প্রতি শোকপ্রস্তাব আনার দাবি জানান।
[/live_update]
[live_update time=”দুপুর ১.৪২” title=”সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন যারা”]
রাষ্ট্রপতির আহ্বানে বৃহস্পতিবার শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হয় এ অধিবেশন।
প্রথম অধিবেশনে উপস্থিত রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।
জাতীয় সংসদের অধিবেশনের দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বাশুড়ি ইকবাল মান্দ, স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, সংসদের ভিভিআইপিসহ নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধানকে দেখা গেছে।
[/live_update]
[live_update time=”দুপুর ১২.৩১” title=”স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি”]
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ,বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথবাক্য পাঠ করানো হয়েছে।
তাদেরকে শপথবাক্য পাঠ করার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ পড়ানোর পর স্পিকারকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
[/live_update]
[live_update time=”বেলা ১১.৫০” title=”সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল”]

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। জাতীয় সংসদের সভাপতি খন্দকার মোশাররফ এ প্রস্তাব তুলে ধরেন।
জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত হওয়ার পর সংসদের সভাপতি খন্দকার মোশাররফ বলেন, ‘জাতীয় সংসদের স্পিকার নির্বাচনের জন্য একটি মনোনয়নপত্র পেয়েছি। তিনি হলেন মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছেন তিনি নির্বাচিত হলে স্পিকার হিসেবে দায়িত্ব পালনে সম্মত রয়েছে।’
এ প্রস্তাবে পরে কণ্ঠভোটে সমর্থন দেন সংসদের অন্যান্য নেতারা।
একইভাবে এই সংসদের ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালের নাম ঘোষণা করা হয়। খন্দকার মোশাররফ বলেন, ‘ডেপুটি স্পিকার পদেও একটি মাত্র মনোনয়নপত্র পাওয়া গেছে। কায়সার কামাল জানিয়েছেন, এ পদে নির্বাচিত হলে তিনি দায়িত্ব পালনে সম্মত রয়েছেন।’
[/live_update]
[live_update time=”বেলা ১১.৩৩” title=”সংসদের সভাপতি পদে খন্দকার মোশাররফের নাম প্রস্তাব প্রধানমন্ত্রীর”]

ত্রয়োদশ জাতীয় সংসদের সভাপতিত্ব করার জন্য প্রবীন রাজনীতিবিদ খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তাতে সমর্থন দেয় সংসদের অন্যান্য নেতারা।
সংসদের প্রথম অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যে তিনি তার নাম প্রস্তাব করেন।
তারেক রহমান বলেন, ‘নতুন সংসদ যাত্রা শুরু করার সময় পুরাতন সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার উপস্থিত থাকতে হয়। তবে তাদের কেউ এখন কারাগারে কেউবা আত্মগোপনে আছেন। এমন পরিস্থিতি সংবিধান অনুযায়ী নতুন সংসদের যাত্রা শুরু করছি।’
সংসদ অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমাদের দল, ধর্ম বিশ্বাস ভিন্ন হতে পারে তবে স্বনির্ভর বাংলাদেশ তৈরিতে আমাদের কোনও বিরোধ নেই।’
ফ্যাসিস্ট সরকার সংসদকে পুরোপুরি অকার্যকর করে তুলেছিলেন জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা এই সংসদকে যুক্তি, তর্ক ও সব সমস্যা সমাধানের কেন্দ্রতে পরিণত করতে চাই।’
[/live_update]


