আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে বসবে এবং ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ এবং শোক প্রস্তাবও এই অধিবেশনে উপস্থাপন করা হবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয় এবং প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তিনি তা করেন।
সংবিধান অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হলেও পুরোনো সংসদের মেয়াদ শেষ হওয়ার পরই নতুন সংসদের অধিবেশন বসে, যা বিগত তিনটি নির্বাচনের ক্ষেত্রেও দেখা গেছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয় এবং ফলাফল ঘোষণা হয়েছে ২৯৭টির। এর মধ্যে বিএনপি ২০৯টি আসনে এবং তাদের জোটের তিন শরিক দল তিনটি আসনে বিজয়ী হয়েছে। ফলাফল স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়ী হয়েছে। ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসনে জয় পেয়েছে। ইসলামী আন্দোলন একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র হিসেবে বিজয়ী প্রার্থীদের সবাই বিএনপির বিদ্রোহী প্রার্থী।


