জাতীয় সংসদ গ্যালারিতে ১৫০টি আসন বরাদ্দের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়, সংসদ গ্যালারিতে আগে থেকেই অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন বরাদ্দ রয়েছে। তবে সম্প্রতি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন দর্শনার্থী গ্যালারিতে আরও ১০০ আসন শিক্ষার্থীদের বরাদ্দ দেওয়ার আবেদন জানিয়ে স্পিকারের কাছে চিঠি লিখেছেন। স্পিকার তার আবেদন মঞ্জুর করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এখন থেকে আরও বেশি শিক্ষার্থীরা সংসদের কার্যক্রম সরাসরি দেখার সুযোগ পাবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সংসদীয় ও গণতান্ত্রিক চর্চার রীতির সঙ্গে পরিচিত করাবে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার্থীদের নিয়ে নৌবিহারে যেতেন, যাতে তারা রাষ্ট্রের সম্পদ ও সম্ভাবনা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। শিক্ষামন্ত্রী হিসেবে আমিও চাই এই জেন জি প্রজন্ম রাষ্ট্র সম্পর্কে জানুক, রাজনীতি সচেতন হোক।’
সংসদের দর্শনার্থী হিসেবে আরও বেশি শিক্ষার্থীকে সুযোগ দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের সচিব মো. গোলাম সারওয়ার ভূঁইয়া। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা সংসদে এলে, সংসদের অধিবেশন চালুর আগে সংসদ নিয়ে বিস্তারিত অবহিত করা হবে। এতে তারা দেশের সংসদের স্থাপত্য শৈলী, ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে শিক্ষা লাভ করতে পারবে।’


