নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে কানকিরহাট-ছাতারপাইয়া-সোনাইমুড়ী সড়কের সেনবাগ উপজেলার কেশারপাড় এলাকার মুন্সি দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সেনবাগ উপজেলার ডমুরুয়া গ্রামের মুসলিম স্বর্ণকার বাড়ির সিএনজি অটোরিকশা চালক মো. আলমের দুই ছেলে আসিফ ও আরিফ। অন্যদিকে আহত শাওন একই বাড়ির সিএনজি চালক মো. শাহজাহানের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে তিন আরোহী নিয়ে একটি দ্রুতগতির মোটরসাইকেল কানকিরহাট থেকে ছাতারপাইয়ার দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি মুন্সি দোকান এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন তরুণই ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ছাতারপাইয়া বাজারের একটি বেসরকারি হাসপাতালে (ক্লিনিক) নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসিফ ও আরিফকে মৃত ঘোষণা করেন।
এদিকে আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে ও এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।


