জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার্যকর করতে ব্যক্তিগত সহকারীদের সচেতনতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি হলে আয়োজিত ‘সংসদ সদস্যবৃন্দের ব্যক্তিগত সহকারীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রের প্রতি বিশ্বাস ও সংসদীয় কার্যকারিতা প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে আপনাদের মাধ্যমে।’
চিফ হুইপ ব্যক্তিগত সহকারীদের তাদের দায়িত্বের গুরুত্ব বুঝিয়ে বলেন, ‘একজন সংসদ সদস্যের সফলতার পেছনে তার সহকারীর অনেক বড় ভূমিকা থাকে। কারণ একজন সংসদ সদস্য তার ব্যক্তিগত সহকারীকে অনেক বেশি বিশ্বাস করে থাকেন, তার পরামর্শ এমপি শুনেন। তিনি বলেন, সংসদ সদস্যদের সঠিক পথে বা সিরাতুল মুস্তাকিমে রাখার দায়িত্ব কিন্তু আপনার। কেয়ামতের মাঠে কিন্তু জবাব আপনাকে দিতে হবে।’
আগামী বাজেট নিয়ে তিনি আরও বলেন, ‘বাজেট শুধু একটি সংখ্যা নয়। এটি জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন। একজন ভিক্ষুক থেকে শুরু করে দেশের প্রতিটি মানুষ সরকারকে ট্যাক্স দিয়ে থাকে। এই ট্যাক্সের টাকার সুষম বন্টন করে কিভাবে জনগণের উন্নয়ন করা যায় সে বিষয়ে আপনারা স্টাডি করবেন। বাজেট বিশ্লেষনের সকল তথ্য আপনারা বোঝার চেষ্টা করবেন এবং সে অনুযায়ী পারলে সংসদ সদস্যকে বোঝানোর চেষ্টা করবেন ‘


